কুড়িগ্রাম, ২৮ জুলাই ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত ভূমি নির্ধারণের লক্ষ্যে গত সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পুরো অঞ্চলের দৃশ্যপট বদলে দিতে পারে। তাই প্রচলিত প্রথার বাইরে গিয়ে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ক্যাম্পাসের স্থান নির্বাচন করতে হবে। অতীতের বিলম্ব পুষিয়ে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সরকার ও ইউজিসি বদ্ধপরিকর বলে তিনি জানান। পাশাপাশি বৃহত্তর স্বার্থে কোনো ধরনের বিভাজন না রেখে স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভূমি নির্ধারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে তিনি চারটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন:
১. খাস জমির অগ্রাধিকার ২. কৃষিজমি সুরক্ষা ৩. উন্নত যোগাযোগ ব্যবস্থা ৪. অসাধু চক্র রোধ
সভায় সম্মানিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে তিনটি ব্যাচ নিয়ে সফলভাবে এগিয়ে চলছে।তিনি আশ্বস্ত করেন, খাস জমির প্রাপ্যতা ও কৃষিজমি সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় রেখে সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতেই ক্যাম্পাসের স্থান চূড়ান্ত করা হবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় জেলার পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।