কুড়িগ্রাম, ২৭ জুন ২০২৬: কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) কর্তৃক আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও মৎস্য অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব সোহেল হোসেন কায়কোবাদ এবং সাবেক কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব সফিকুল ইসলাম বেবু, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিকেল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ০-০ গোলে অমীমাংসিত থাকে। পরে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে উভয় দল পাঁচটি করে শট নেওয়ার সুযোগ পায়। রোমাঞ্চকর টাইব্রেকারে কৃষি অনুষদ ৩-০ ব্যবধানে মৎস্য অনুষদকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় উপাচার্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপাচার্য মহোদয় তাঁর বক্তৃতায় বলেন, "উভয় দলই অত্যন্ত চমৎকার খেলেছে, যার প্রমাণ মেলে টাইব্রেকারের আগ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায়। খেলাধুলায় হার-জিত থাকবেই। বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দেরই আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"
উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে কুড়িকৃবির শিক্ষার্থীদের জন্য জেলা স্টেডিয়াম ব্যবহারের সুযোগ করে দেওয়ায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।