Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস: তিনটি প্রস্তাবিত স্থান পরিদর্শন করল ইউজিসি প্রতিনিধিদল

কুড়িগ্রাম, ২৮ জুলাই ২০২৬: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে গত সোমবার (২৭ জুলাই ২০২৬) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ উচ্চপর্যায়ের টেকনিক্যাল টিম, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রস্তাবিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শনে যান।

স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রধানত যে তিনটি স্থান পরিদর্শন করা হয়: ১. নালিয়ার দোলা (কুড়িগ্রাম সদর উপজেলার বাঞ্ছারাম ও সড়া মৌজা) ২. ধরলা সেতুর পূর্ব পাড় ৩. দাশের হাটের ছড়া / টগরাইহাট এলাকা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ভূমির চরিত্র, নিচু ও উঁচু জায়গার পরিমাণ, খাসজমির উপযোগিতা, যোগাযোগের সুব্যবস্থা (সড়ক, রেল ও নৌপথ), পরিবেশ এবং দীর্ঘমেয়াদি সম্প্রসারণের সুযোগগুলো বিশেষভাবে খতিয়ে দেখা হয়।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয় সরকারি নীতিমালা, কারিগরি মানদণ্ড এবং সরেজমিন বাস্তব পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ইউজিসি খুব দ্রুতই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের চূড়ান্ত নির্ধারিত ভূমির ঘোষণা দেবে।