Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ২৯ জুন ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক এবং যুগোপযোগী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ৩য় সিন্ডিকেট সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিস্তারিত পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট চেয়ারম্যান প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম-এর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (Finance Committee) ৩য় সভায় এই বাজেটের রূপরেখা ও সুপারিশ তৈরি করা হয়েছিল, যা ৩য় সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে।

নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করানো এবং উত্তরবঙ্গের সামগ্রিক কৃষির উন্নয়নে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ । একটি আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে কুড়িকৃবি-কে গড়ে তুলতে জলবায়ু-সহনশীল কৃষি গবেষণা, টেকসই অবকাঠামো, আধুনিক ল্যাবরেটরি স্থাপনের বিষয়ে মিটিং-এ গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে নিয়মিত মেধাবৃত্তি প্রদান করা হচ্ছে এবং এই খাতে বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়, ডিজিটাল লাইব্রেরি স্থাপন এবং উচ্চগতির ইন্টারনেট সম্বলিত আধুনিক আইসিটি ল্যাব তৈরিতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়।

কৃষি প্রধান অঞ্চল উত্তরবঙ্গের কুড়িগ্রাম এলাকায় এই অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে তা শুধু বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবে না, বরং পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক চিত্র বদলে দিতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য ব্যক্ত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।