Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রাম, ২৭ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  গত ২২ সেপ্টেম্বর ২০২৬, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোছাঃ নুর মহল আখতার বানু এবং শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন”—এই সচেতনতামূলক বার্তাগুলো সামনে রেখে কর্মসূচি পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ আঙিনা, আশপাশের স্থান এবং পানি জমে থাকার সম্ভাবনাময় স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোছাঃ নুর মহল আখতার বানু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু একটি দিনের কর্মসূচি নয়; এটি নিয়মিত সচেতনতা ও সম্মিলিত দায়িত্ব পালনের বিষয়। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী—সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।