কুড়িগ্রাম, ২৮ জুলাই ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) গত সোমবার (২৭ জুলাই ২০২৬) অস্থায়ী ক্যাম্পাসে "Role of Agriculturists in Food Safety and Security" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বৈশ্বিক খাদ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিকূল পরিবেশ সহনশীল শস্য উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষির ওপর জোর দেন। তিনি কৃষিতে এআই (AI) প্রযুক্তির ব্যবহার, ৫০০ কোটি টাকার এগ্রো-স্টার্টআপ ফান্ড, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের মানসম্মত গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, "দেশনায়ক তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ ও কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির ভিশন বাস্তবায়নে তরুণ কৃষিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।" তিনি মাঠ পর্যায় থেকে ভোক্তার পাতিল পর্যন্ত বিষমুক্ত ও নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাশাপাশি, আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প (DPP) বাস্তবায়নে এবং বর্তমান শ্রেণিকক্ষ, ল্যাব ও আবাসন সংকট নিরসনে ইউজিসির বিশেষ সহযোগিতা কামনা করেন। সেমিনারে কৃষি অনুষদের ডিন খাদ্য নিরাপত্তা নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।