কুড়িগ্রাম, ১২ এপ্রিল ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এরপর উপাচার্য মহোদয় তাঁর সূচনা বক্তব্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বর্তমান সরকারের বিভিন্ন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন কর্মসূচি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ তিনি সরকারের এসব জনহিতকর কাজে সকলকে আন্তরিক সহযোগিতা করার পরামর্শ দেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক কাউন্সিলের পর থেকে অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষা কার্যক্রম, বর্তমান শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে কাউন্সিলের সম্মানিত সদস্যগণ বিশদভাবে আলোকপাত করেন। একাডেমিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বিধিমালা, একাডেমিক নীতিমালা সংশোধন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিত করতে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (IQAC) গঠন এবং ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম’ (কুড়িকৃবিরেস/KuriAURES) বিধিমালা সংক্রান্ত প্রস্তাবনা ইত্যাদি।
এছাড়াও শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাব’, ‘রোভার স্কাউটস’, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ এবং ‘বিএনসিসি’ (BNCC) ইউনিট খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং স্থানীয় কৃষি পণ্য উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে পূর্বে প্রস্তাবিত ৯টি ইনস্টিটিউটের সাথে আরো একটি ইনস্টিটিউট 'ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট' খোলার বিষয়ে সভাপতি মহোদয় গুরুত্বারোপ করেন এবং সবার সম্মতিক্রমে তা গৃহীত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। সম্মানিত সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক গতিশীলতা আনয়নে বিভিন্ন গঠনমূলক মতামত প্রদান করেন। উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার জন্য দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্র স্থাপন, একাডেমিক বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ ও শিক্ষার্থীদের জন্য মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম এবং দ্রুততম সময়ে দুটি অস্থায়ী হলের ব্যবস্থা করায় উপাচার্য মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আলোচনা অন্তে একাডেমিক কাউন্সিলের সকল সম্মানিত সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের গৃহীত উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন। সম্মানিত সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়-কে সহযোগিতার জন্য অনুরোধ জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তাঁরা সার্বিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
একাডেমিক কাউন্সিলের সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম-৫৬০০।