কুড়িগ্রাম, ৩রা আগস্ট ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু।
নবনিযুক্ত উপ-উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। এ সময় তিনি নতুন উপ-উপাচার্যকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়তনিক ও প্রশাসনিক অগ্রযাত্রায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবাগত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু নিজেকে কুড়িকৃবি পরিবারের একজন সদস্য হিসেবে প্রকাশ করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিদদের ভূমিকা অপরিসীম। ভৌগোলিক সীমানা ও আবাদি জমি না বাড়লেও আধুনিক প্রযুক্তির সফল ব্যবহারের কারণেই আজ দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধির সাথে আবাদি জমি কমে আসার যে বাস্তবতা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় দক্ষ কৃষিবিদ তৈরি করা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের শহীদ ও আন্দোলনকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের বিশ্বমানের কৃষিবিজ্ঞানী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় কৃষিবিদদের অবদান রাখার ওপর গুরুত্ব আরোপ করেন উপাচার্য মহোদয়। একইসাথে সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তিনি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে উপাচার্য মহোদয় উপ-উপাচার্য, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র ও ছাত্রী হল পরিদর্শন করেন।