কুড়িগ্রাম, ১০ মে ২০২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি আজ রোববার কুড়িগ্রাম সফরকালে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম এর সাথে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা, উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে আলোচনা করেন, পরে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মহোদয় সকাল ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। তিনি উক্ত সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সকাল ১১টা ৩০ মিনিটে মন্ত্রী মহোদয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে মন্ত্রী মহোদয় কুড়িগ্রামের খাল খনন কার্যক্রম এবং অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি নিয়েও খোঁজখবর নেন। সফরকালে তিনি কুড়িগ্রামের ছিনাই এলজিইডি পার্ক পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে মাননীয় মন্ত্রী বলেন, কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমান সরকার এই অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষি শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও মান উন্নয়নে সরকার সার্বিক সহায়তা দিবে।
উপাচার্য মহোদয় মাননীয় মন্ত্রী মহোদয়কে কুড়িগ্রাম সফরে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য মহোদয় আলোচনার সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরেন। বর্তমানে চারটি ভবন নিয়ে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে ১. অস্থায়ী একাডেমিক ভবন ২. অস্থায়ী প্রশাসনিক ভবন ৩. অস্থায়ী ছাত্র হল ৪. অস্থায়ী ছাত্রী হল। অচিরেই যাতে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করতে পারে এ বিষয়ে মন্ত্রী মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহায়তা কামনা করেন।
মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা শেষে আজ বিকেলে মাননীয় উপাচার্য মহোদয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও উপবৃত্তির অর্থ প্রদান ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ বছর মোট তিনজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ফলাফলের জন্য মেধা বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে কৃষি অনুষদের প্রথম ব্যাচের মাজনুবিন ফেরদৌস (২৪০১০২১) এর সিজিপিএ ৩.৯৮৫ এবং মৎস্য অনুষদের প্রথম ব্যাচের দৃষ্টি রায় (২৪০২০২৬) ও মো: রাহাত মিঞার (২৪০২০১৩) যৌথভাবে সিজিপিএ ৩.৯৩৮। এছাড়াও মোট ৫০জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়। এরপরে উপাচার্য মহোদয় ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও উপবিজেতা দলকে পুরস্কৃত করেন।